রাজু বিশ্বাস, বিশেষে প্রতিনিধিঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ও দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এর যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতামূলক র্যালির উদ্বোধন করেছেন দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ গোলাম রসুল রাখি।
গত বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় ১৩.০৮.২০২৬ ইং তারিখে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা র্যালিটি দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে এসে সমাপ্তি ঘটে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন এর দিনাজপুর জেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৪৫ জন বিএনসিসি ক্যাডেট, ৩ জন সামরিক প্রশিক্ষক ও ৪ জন পিইউও ও সরকারি কলেজের প্রতিনিধগন এবং দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
ডেঙ্গু প্রতিরোধের র্যালি শেষে অনুষ্ঠানের সভাপতি দিনাজপুর সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ গোলাম রসুল রাখি বলেন, ডেঙ্গু সচেতনামূলক র্যালিতে আমাদের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্টের ৩৪ ব্যাটালিয়ান, বিএনসিসি ক্যাডেটের ছাত্রছাত্রী, আমাদের বিভিন্ন সরকারি কলেজ, পৌরসভা, বিভিন্ন স্কুলের গণ্যমান্য ব্যক্তিগণ এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একটি ডেঙ্গু সচেতনতামূলক র্যালি করেছি। এ র্যালির মূল উদ্দেশ্য হলো জনগণকে ডেঙ্গু বিষয়ক সচেতন করা এবং তারা যেন ডেঙ্গু প্রতিরোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। আমরা যদি চারদিকে জায়গাগুলি পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখি যেখানে ডেঙ্গু মশা জন্মাতে না পারে তাহলে অনেকটা ডেঙ্গু প্রতিরোধ করতে পারি। অনেক প্রাণ অকালে পড়ে যায়, আমরা যদি সঠিক চিকিৎসা করতে না পারি। আমরা আসলে চিকিৎসার দিকে যেতে চাই না আমরা ডেঙ্গু প্রতিরোধ করতে চাই। ডেঙ্গু প্রতিরোধ করাই আমাদের প্রধান লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আমরা সবাই মিলে অংশগ্রহণ করেছি ডেঙ্গু প্রতিরোধের সচেতন র্যালিতে। ডেঙ্গু মুক্ত দিনাজপুর দেখতে চাই এটি নির্ভর করছে সবার সচেতনতার উপর। আমাদের মন মানসিকতা এমন হয় নিজে পরিষ্কার থাকবো তার সাথে আশেপাশের জায়গাগুলিকে পরিষ্কার রাখবো। তাহলে প্রাণঘাতী ডেঙ্গু জ্বর থেকে নিজেকে রক্ষা করতে পারবো। আমাদের একটাই উপায় সচেতন হতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থার গ্রহণ করতে হবে। ব্যক্তি পর্যায়, সমষ্টি পর্যায়ে, এলাকাবাসী, জাতীয়ভাবে এবং সবাই মিলে পদক্ষেপ নেই তাহলে এডিস মশা নিধন করা সম্ভব।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন সন্মানিত অতিথি দিনাজপুর স্থানীয় সরকার এর উপ-পরিচালক ও পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক এন্ড এস্টেট) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোঃ কামরুল হাসান, পিইউও বিএনসিসি মোঃ হামিদুর রহমান সোহেল, দিনাজপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল ফুয়াদ, দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ হোসেন মোঃ নাহিদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নূর আলম, বেসরকারি উন্নয়ন সংস্থার মধ্যে ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার শিশির রোজারিও, পার্বতীপুর ল্যাম্প হাসপাতালের লিয়াঁজো ম্যানেজার মাহাতাব লিটন, অ্যাপোস এর সেন্টার ম্যানেজার মোঃ মোজাম্মেল হকসহ অন্যান্য সংস্থার কর্মকর্তগন।