নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আ.লীগ-যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন দৈনিক আগামীর সময়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সলিমুল্লাহ (৫২) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের ছেলে হাদিউজ্জামান ওরফে বাবু (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, সলিমুল্লাহ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ নবাবগঞ্জ উপজেলা শাখার সক্রিয় সদস্য। তিনি গোলাপগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার হরিল্লাখুর গ্রামে তাঁর লিজ নেওয়া একটি পুকুরের পাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, হাদিউজ্জামান ওরফে বাবু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ দৈনিক আগামীর সময়কে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।