হস্তান্তরের আগেই ফাটল, খসে পড়ছে পলেস্তারা; মাদ্রাসার ভবন নিয়ে ক্ষোভ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ দূর থেকে দেখলে আধুনিক নকশায় নির্মিত দৃষ্টিনন্দন ভবন। নতুন রং আর আকর্ষণীয় প্রবেশমুখ দেখে মনে হবে নির্মাণকাজ হয়েছে বেশ ভালোভাবেই। কিন্তু কাছে গেলেই মিলছে ভিন্ন চিত্র। মেঝে, বারান্দা ও প্রবেশমুখে অন্তত ২০টি স্থানে ফাটল। দেয়ালে হাতের সামান্য চাপেই খসে পড়ছে পলেস্তারা। দরজা-জানালায় নিম্নমানের কাঠ ব্যবহারের অভিযোগও উঠেছে। নির্মাণকাজ শেষ হলেও এখনো হস্তান্তর করা হয়নি ভবনটি।

হস্তান্তরের আগেই এমন নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের গুণগত মান ও স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের দায়িত্বে অবহেলা এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ছাতনী রাউতারা জেএম ফাযিল মাদ্রাসার নবনির্মিত একতলা একাডেমিক ভবনে দেখা গেছে এমন চিত্র।

রোববার সরেজমিনে দেখা যায়, সদ্য রং করা ভবনটির বাইরের অংশ বেশ দৃষ্টিনন্দন। তবে প্রবেশমুখের মেঝে দেবে গিয়ে ফাটল তৈরি হয়েছে। বারান্দার বিভিন্ন স্থানেও ফাটল দেখা গেছে। প্রতিটি কক্ষের দরজায় ফাটল রয়েছে। কয়েকটি দরজার কাঠ ভেঙে যাওয়ার উপক্রম। মেঝেতে মোজাইক করার কাজে পাথর ও সিমেন্ট কম ব্যবহারের অভিযোগ করেছেন স্থানীয়রা। দেয়ালের পলেস্তারা এতটাই দুর্বল যে সামান্য চাপেই খসে পড়ছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ভবনটি নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা। দরপত্রে ৫ শতাংশ কম দরে ১ কোটি ১২ লাখ ৪২ হাজার ৭৭৫ টাকায় কাজটি পান ঠিকাদার মো. হাবিবুর রহমান। ২০২৩ সালের ৩০ নভেম্বর তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, একতলা একাডেমিক ভবনটির চারতলা ভিত্তি নির্মাণসহ স্যানিটারি, পানি সরবরাহ ও বিদ্যুতায়নের কাজ অন্তর্ভুক্ত ছিল। কাজ শেষ করার সময়সীমা ছিল ১২ মাস।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হয়নি। প্রায় দুই বছর পর চলতি মাসে নির্মাণকাজ শেষ করে ভবনটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যেই বিভিন্ন স্থানে ফাটল ও নির্মাণত্রুটি দেখা দেওয়ায় ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, নির্মাণকাজে যথাযথ মান বজায় রাখা হয়নি। ভবনটি হস্তান্তরের আগে প্রকৌশলগত পরীক্ষা ও ত্রুটিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

শিক্ষার্থী অভিভাবক খাইরুল ইসলাম বলেন, ‘একাডেমিক ভবন নির্মাণের পরই ফাটল দেখা দিয়েছে। এতেই বোঝা যায়, কতটা নিম্নমানের কাজ হয়েছে। দেয়ালে একটু চাপ দিলেই পলেস্তারা খসে পড়ছে। ভবনটি হস্তান্তরের আগে কারিগরি পরীক্ষা করার জোর দাবি জানাচ্ছি। তা না হলে এ ভবনে শিক্ষার্থীরা নিরাপদ থাকবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে।’

গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের গ্রামের মাদ্রাসায় একটি নতুন ভবন নির্মাণ ছিল দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ভবনেই এখন ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে অবহেলার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করি। এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানাই।’

মাদ্রাসার শিক্ষিকা মোছা. মমতাজ বেগম বলেন, ‘ভবনের পলেস্তারা করার সময় ঠিকাদারের লোকজন অল্প পরিমাণ সিমেন্ট ব্যবহার করছিলেন। তখন প্রতিবাদ করলেও তাঁরা কর্ণপাত করেননি। এখন দেয়ালের পলেস্তারা খসে পড়ছে।’

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান বলেন, ভবনের বিভিন্ন সমস্যা দেখা দেওয়ায় বিষয়টি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কে জানানো হয়েছে।

ঠিকাদারের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন ফাটলের বিষয়টি স্বীকার করে বলেন, ফাটলগুলো আবার মেরামত করে দেওয়া হবে।

ভবন নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে পরে সরাসরি সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছেন। খোঁজ নিয়ে দেখবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেনের সঙ্গে গত দুই দিন ধরে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ ও খুদে বার্তা পাঠানো হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।