প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৪:৪৩ পি.এম
মোরেলগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি:
‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত চলমান এ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোরেলগঞ্জের আয়োজনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার।
উদ্বোধনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সবুজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও), সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটি (ইপিআই) দীপক কুমার।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুস্থ, কর্মক্ষম ও উন্নত জাতি গঠনে পুষ্টির কোনো বিকল্প নেই। শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মা ও প্রবীণদের সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। পুষ্টিহীনতা দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন ডা. সিফাত খান, নবলোক টেকনিক্যাল অফিসার (নিউট্রিশন) মো. সৈকত হোসেন, কোডেক কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের টেকনিক্যাল অফিসার এম. ডি. মাজাহারুল ইসলাম, ফিল্ড ইন্সপেক্টর রিয়াদ হোসেন সোহাগসহ স্থানীয় সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা, শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা এবং নারীদের স্বাস্থ্যসেবায় গুরুত্বারোপের মাধ্যমে পুষ্টি বৈষম্য দূর করা সম্ভব।
পরিশেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, সপ্তাহব্যাপী স্বাস্থ্যসচেতনতা ক্যাম্পেইন, পুষ্টি বিষয়ক পরামর্শ, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।
জাতীয় পুষ্টি সপ্তাহের এ আয়োজনকে ঘিরে মোরেলগঞ্জে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.