প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ১২:৩৩ পি.এম
দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজে আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সংবাদদাতাঃ দিনাজপুরে আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ আকস্মিক পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। এসময় তিনি বিদ্যালয়টি ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
৩১ আগষ্ট সোমবার ২০২৬ প্রতিমন্ত্রী দিনাজপুরে বেলা ১২টায় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচী’ শীর্ষক প্রকল্প সম্পর্কে প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শেষে দুপুর আনুমানিক আড়াইটায় তিনি নির্ধারিত স্কুল পরিদর্শনে বের হলে হঠাৎ করেই দিনাজপুর ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত ‘আমাদের পাঠশালা স্কুল এন্ড কলেজ’ এ যান। এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাহিনুর ইসলাম সিদ্দিকী, সভাপতি আনিসুল হক জুয়েল, পরিচালক আসাদুজ্জামান নুরসহ শিক্ষকবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন জানান।
মন্ত্রী পুরো বিদ্যালয়টি ঘুরে দেখেন। এসময় মন্ত্রী ববি হাজ্জাজ বিদ্যালয়টির নান্দনিকতা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ- শিক্ষার্থীদের হাতে কলমে শেখার পদ্ধতি ও সহশিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষার্থীদের হাতে কলমে শেখার বিষয়ে তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং বিদ্যালয়টির কার্যক্রমের জন্য প্রশংসা করেন।
এসময় বিদ্যালয়টির অধ্যক্ষ রাহিনুর ইসলাম সিদ্দিকী জানান, মাননীয় প্রতিমন্ত্রীকে পেয়ে আমরা আনন্দিত। তাঁর এই আগমণ আমাদের কার্যক্রমকে আরও উৎসাহিত করবে। আমাদের শিক্ষার্থীরাও তাঁকে কাছে পেয়ে দারুণ উচ্ছসিত। আমাদের প্রতিষ্ঠানে তাঁর এই পরিদর্শনে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.