প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৭:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ১১:৩৪ এ.এম
(দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ এর উদ্বোধন) একজন স্কাউট সদস্য অন্য দশজনের চেয়ে একটু আলাদা

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলা স্কাউটস এর সভাপতি ও দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেছেন, জাতির ভবিষ্যৎ সৃজনশীল প্রশিক্ষিত তরুণ প্রজন্মের হাতেই। তাই স্কাউটিংয়ের মাধ্যমে তরুণদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সহযোগিতার মনোভাব ও সেবার মানসিকতায় গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্কাউট সদস্য অন্য দশজনের চেয়ে একটু আলাদা। তার চলাচল, কথাবার্তা, ব্যবহার সবসময় ভাল হয়েই থাকে। গত গত ৬ সেপ্টেম্বর রবিবার বিকেল সাড়ে ৫ টায় বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার আয়োজনে গোর-এ-শহীদ বড় মাঠে ৫-৯ সেপ্টেম্বর পর্যন্ত “তারুণ্যের শক্তি, স্কাউটিংয়ের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্য বিষয়ে ৫ দিন ব্যাপী ৬ষ্ঠ জেলা স্কাউট সমাবেশ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম (সেবা) তাঁর বক্তব্যে বলেন, স্কাউটিং তরুণদের শৃংখলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। একজন স্কাউট শুধু নিজের উন্নয়নেই নয়, সমাজ ও দেশের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারুণ্যের শক্তিকে সঠিকভাবে কাজে লাগিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে স্কাউটদের এগিয়ে আসতে হবে।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেন, স্কাউটিং আদর্শ মানুষ গড়তে শেখায়। স্কাউটিং এর আদর্শ সকল শিক্ষার্থীর মাঝে ছড়িয়ে দিতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত অতিথিবৃন্দ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসান, দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দীন আল আজাদ প্রমূখ ও স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর জেলা স্কাউটস এর সম্পাদক মোঃ আকরাম হোসেন।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার স্কাউট কর্মকর্তাগণসহ ৮৬ টি স্কাউট গ্রুপসহ ১১০ টি দল অংশগ্রহন করে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.