প্রিন্ট এর তারিখঃ মার্চ ৭, ২০২৬, ২:০০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২৬, ৯:২০ এ.এম
দিনাজপুর-৬আসনের দলারদর্গায় বিএনপি অফিসে হামলার অভিযোগ; প্রত্যাখান জামায়াতের : যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে

বিশেষ প্রতিনিধি : দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ উপজেলার দলারদরগায় বিএনপির নির্বাচনী অফিসে হামলার পর ঘটনাস্থলে সেনাসহ যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় এই ঘটনা ঘটেছে।
বিএনপি অভিযোগ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশের দাড়িপাল্লা প্রতীকের নেতা-কর্মীরাই বিএনপি নির্বাচনী অফিস ভাংচুর ও কর্মীদের মারধর করেছে। অপর দিকে জামায়াত নেতৃবৃন্দ অভিযোগ প্রত্যাখান করে বলছেন, সাউন্ড সিস্টেমকে কেন্দ্র করে ২ মার্কার কর্মীদের মাঝে শুধুমাত্র তর্কাতকি হয়েছে। মারামারি ও ভাংচুরের ঘটনায় তারা যুক্ত নয়।
সেনাবাহিনীর ক্যাপ্টেন ইমরুল কায়েস জানান, গোলোযোগের খবর পেয়ে তার নেতৃত্বে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রশাসনসহ যৌথ বাহিনীকে সহায়তা করেন।
সহকারি রিটানিং কর্মকর্তা নবাবগঞ্জের ইউএনও জিল্লুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণসহ এলাকায় অবস্থান নিয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আনছার সদস্যরা।
নবাবগঞ্জ থানার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী জানান, আজ বিকালে দলারদর্গা নির্বাচনী কার্যালয় থেকে কর্মীরা ধানের শীষ মার্কার পক্ষে নির্বাচনী প্রচার মিছিল বের করেছিল। মাগরিবের নামাজের পর বিএনপির ওই কার্যালয় সংলগ্ন স্থানে নির্বাচনী পথসভা শুরু করেছিল জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামের দাড়িপাল্লার কর্মীরা। এসময় বিএনপির নির্বাচনী কার্যালয়ে চলা প্রচার মাইক বন্ধ অথবা ভলিউম কমবেশীর বিষয় নিয়ে জামায়াতকর্মীরা বিএনপির কর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।
নবাবগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম অভিযোগ করেছেন নির্বাচনি অফিসে হামলা-ভাঙচুর চালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। প্রচার কার্যালয়ে টেবিল-চেয়ার ভাংচুর করাসহ ব্যানার ছিড়ে তছনছ করেছে। এ হামলায় বিএনপির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম জানিয়েছেন দলার দরগা বাজারে দাড়িপাল্লার পক্ষে সমাপনী বক্তব্য চলাকালে বিএনপির অফিস থেকে উচ্চ ভলিয়মে মাইক বাজছিল। বিএনপির স্থানীয় নেতৃবৃন্দকে কয়েক মিনিটের জন্য মাইক বন্ধ রাখার অনুরোধ করলে তাদের সাথে কথা কাটাকাটি হয়। গোলযোগ বা হামলা ঘটনাটি সাজানো ও ষড়যন্ত্রমূলক। তিনি ইউসুফ নবী- জুলেখা বিবির জীবনী উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে ষড়যন্ত্র করে প্রতিহত করা যাবে না।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.