প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ১:৪১ পি.এম
মোরেলগঞ্জে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬' শীর্ষক আলোচনা সভা ও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১২ সেপ্টেম্বর বেলা ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে উপজেলা সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.আব্দুল আলীম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে।" এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ বলেন, "সরকারি নির্দেশনা অনুযায়ী ডেঙ্গুর প্রাদুর্ভাব কমানো ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের কার্যকর পদক্ষেপ পর্যায়ক্রমে নেওয়া হচ্ছে। উপজেলার সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ নিজ আঙিনা নিয়মিত পরিষ্কার রাখতে এবং এই কার্যক্রম সফল করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।" তিনি জানান, ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন মাসব্যাপী এই কর্মসূচি আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো.শহিদুল হক বাবুল, সহ-সভাপতি মতিউর রহমান বাচ্চু, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহ-সভাপতি মো.ফারুক হোসেন সামাদ এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মো.মজনু মোল্লা। এছাড়াও বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা স্কাউট, ইউথ ফর দি সুন্দরবন এবং
রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা, এনজিও প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকল কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.