প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৩৪ পি.এম
বাগেরহাটে ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভোরে ঘরের আড়ায় ঝুলছিল সুজন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে বসতঘর থেকে সুজন শেখ (২৩) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সুজন আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি এমন ঘটনা ঘটিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
নিহত সুজন শেখ হোচলা গ্রামের মৃত শেখ আবুল হোসেনের ছেলে। পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শনিবার রাতে স্ত্রী হোসনে আরা বেগম, সন্তান ও সুজন একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে স্ত্রী দেখতে পান, ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে সুজনের মরদেহ ঝুলছে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, রাতে তারা সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলেন। রাতের কোনো একসময় সুজন এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করতে পারেন, সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.