প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ১২:১৪ পি.এম
দিনাজপুরে পণ্যের উৎপাদন ও বাজার গতিশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধিঃ ‘থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনোমিক ইমপাওয়ারমেন্ট এ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট (ইএসডিও)’ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে নির্দিষ্ট সাব-সেক্টরভুক্ত পণ্যের উৎপাদন, বাজার গতিশীলতা ও লিংকেজ বিল্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর সোমবার সকালে দিনাজপুরের বালুবাড়ীস্থ পল্লীশ্রীর বেগম তৈয়বা মজুমদার মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করা হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং হেকস্/ইপার-এর সহযোগিতায় এই কর্মশালাটি সম্পন্ন হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিসিক এর উপমহাব্যবস্থাপক মো.জাহিদুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হেকস্/ইপার-এর পার্টনারশিপ ম্যানেজার ও অ্যাডভাইজর এবং ইএসডিও-র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
কর্মশালার শুরুতে ইএসডিও এর ট্রেনিং কোঅর্ডিনেটর সুজন খান এর সঞ্চালনায় ট্রাইভ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্বপূর্ণ কার্যক্রম এবং কর্মএলাকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর কাজী মো. সিরাজুস সালেকিন। এরপর স্থানীয় অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি সাব-সেক্টর বাঁশের পণ্য, মাটির পণ্য এবং কামারি বা লৌহজাত পণ্যের বর্তমান উৎপাদন পরিস্থিতি, পণ্যের ধরণ এবং বাজারজাতকরণ পদ্ধতি নিয়ে ধারণা দেওয়া হয়।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল দলীয় অনুশীলন পর্ব। অংশগ্রহণকারীরা সাব-সেক্টরভিত্তিক আলাদা দলে বিভক্ত হয়ে নিজ নিজ পণ্যের বাজার চাহিদা, উৎপাদন ও বাজারজাতকরণের প্রধান প্রধান চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের সম্ভাব্য সমাধানগুলো চিহ্নিত করেন। পরে দলভিত্তিক এই কাজগুলো উপস্থাপন করা হয় এবং উন্মুক্ত আলোচনায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের সাথে সংযোগ বা লিংকেজ তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
দিনব্যাপী এই কর্মশালায় সাব-সেক্টরভুক্ত স্থানীয় পণ্যগুলোর সরেজমিন ও ডিজিটাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মূল্যবান মতামত গ্রহণের মধ্য দিয়ে এবং ইএসডিও-র ট্রেনিং কো-অর্ডিনেটর ও ফোকাল পার্সনদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।
কর্মশালায় অংশ নেন দিনাজপুর জেলার বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলার বাশেঁর পণ্য, মাটির পণ্য, কামারি পণ্য পরিবারের সদস্যরা।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.