প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ২:১২ পি.এম
পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবির সেক্টর কমান্ডার গুজব ছড়াবেন না, সন্দেহজনক কিছু দেখলে বিজিবিকে জানান

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, বিশেষ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর ডিগ্রি কলেজ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আজ রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, “গুজব ছড়াবেন না। কোথাও কোনো সন্দেহজনক কিছু দেখলে দ্রুত বিজিবিকে জানান।” তিনি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অস্বাভাবিক পরিস্থিতি বা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস, পদাতিক; ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহীম আব্দুল্লাহ আসাদ, পদাতিক; বিজিবির অন্যান্য সদস্য এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.