প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৩:৪৮ পি.এম
দিনাজপুর- ৬ আসনে ঈদের ছুটিতে নিজ বাড়ীতে এসেও রোগী দেখায় ব্যস্ত এমপি ও মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

মোরশেদ মানিক :
দিনাজপুর-৬ আসনের এমপি, সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন ঈদের ছুটিতে ২ দিনব্যাপী মতিহারা গ্রামের নিজ বাড়িতে রোগী দেখে ব্যস্ত সময় পার করেছেন। সংসদীয় আসনের ৭টি ইউনিটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দুইদিনই শতাধিক রোগীকে নিয়ে হাজির হন। ডাক্তার জাহিদ রোগীদের নিবিড় ভাবে দেখে প্রেসক্রিপশন করে দেন এবং চিকিৎসা সহায়তা করেন।
বিএনপি জাতীয় স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন এমপি বলেন, রাজনীতিবিদের পাশাপাশি একজন চিকিৎসক হওয়ায় প্রতিনিয়ত এভাবেই সময় পেলে রোগী দেখি। এই ধারা অব্যাহত রাখবেন বলে তিনি ঘোষনা দেন।
বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, সকাল ১০টা থেকে বাড়ির সামনে রোগীর ভিড়। কারো সর্দি কাশি, কারো জ্বর, কেউ কেউ ক্যান্সারে আক্রান্ত, কারো ইউরোলজিক্যাল সমস্যা, কেউ নিউরো সমস্যা আক্রান্ত, কেউ হৃদরোগে আক্রান্ত এরকম নানা রোগে আক্রান্তরা আসছেন।
তিনি আরও বলেন, গ্রামের সহজ সরল মানুষজন। আমি রবিবার সন্ধ্যায় বাড়ির আঙিনায় রোগী দেখতে বসেছি, রাত তিনটা পর্যন্ত রোগী দেখেছি। আজকে সকাল ১০টায় বসেছি, রোগীদের চিকিৎসাপত্র দিচ্ছি। রোগের ধরন দেখে বলছি, কোথায় যেতে হবে, কি কি পরীক্ষা করাতে হবে।
সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ঈদের ছুটিতে বাড়িতে এসে গ্রামের সহজ-সরল মানুষগুলোর চিকিৎসা সেবা দিতে পেরে ভালো লাগছে। তারা নিজের চিকিৎসার কথা জানাতে এসে বিভিন্ন সমস্যার কথা বলছেন, সেটাও সমাধান দিতে হচ্ছে আমাকে।
দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা জানান, এমপি ও মন্ত্রী ডাক্তার জাহিদ হোসেন নিজ বাড়িতে যখনই আসেন তখনই নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের পাশাপাশি অসংখ্য রোগীদের দেখে ব্যবস্থাপত্র সহ চিকিৎসা সহায়তা দিয়ে থাকেন। রোগী পেলে তিনি সবখানেই আন্তরিকতার সাথে চিকিৎসা সহায়তা দিয়ে থাকেন।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.