প্রিন্ট এর তারিখঃ জুন ৬, ২০২৬, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৬, ৩:৫৯ পি.এম
কৃষি উন্নয়নে কৃষক কার্ড চালু হবে শিগগিরই: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি

মোরশেদ মানিক :
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং কৃষিকে আরও লাভজনক করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। খুব শিগগিরই বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবেন, যার মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও কীটনাশক পাবেন।
২৭ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫–২০২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং ফলন বৃদ্ধি করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ ধানের জন্য জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২০ জন কৃষকের মাঝে পাট চাষের জন্য জনপ্রতি ১ কেজি বীজ, ৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি সার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, সার্কেল এএসপি অ ন ম নিয়ামত উল্লাহ, থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম জানান, সময়মতো কৃষি উপকরণ সরবরাহ ও প্রযুক্তিগত পরামর্শ দিয়ে উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি অফিস প্রতিশ্রুতিবদ্ধ।
Copyright © 2026 Positivebdnews24. All rights reserved.