Skip to content
👁 85 Views

ময়মনসিংহ সংবাদদাতা : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, সড়ক দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি, আর্থিক সহযোগিতা বা অন্য কোনো কিছুর বিনিময়ে এটি পূরণ করা সম্ভব নয়। তবে সামগ্রিকভাবে জনসাধারণের সকল পর্যায়ে সচেতনতা বাড়লে দুর্ঘটনা কমে আসবে।
আজ দুপুরে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সরকার সহযোগিতা করছে। তবে দুর্ঘটনা প্রতিরোধে নিজেরাও সচেতন হতে হবে, শুধু কর্তৃপক্ষের ওপর নির্ভরশীল হলে সুফল আসবে না।
রাস্তা পারাপারের সময় সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র ফুটপাত বা মহাসড়কের পাশে দোকান বসে যাওয়া যাবে না। চালকদেরও সর্তকতার সঙ্গে গাড়ি চালানো দরকার। মোবাইলে কথা বলা অবস্থায় রাস্তা পারাপার বা গাড়ি চালানো ঠিক না।
গাড়ি চালানোর সময় সিটবেল্ট পড়তে হবে। সড়ক দুর্ঘটনার বিষয়ে সামগ্রিকভাবেও সবাইকে সচেতন হওয়া অতিব জরুরি, বলে তাগিদ দেন প্রতিমন্ত্রী।
এ সময় জেলা প্রশাসন ও বিআরটিএ এর আয়োজনে বিআরটিএ ট্রাস্টিবোর্ড কর্তৃক সড়ক দুর্ঘটনার শিকার ৫০ জনকে ১ কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ অপু‘র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) সাইফুর রহমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান, ক্ষতিগ্রস্ত যাত্রী গোলাম মওলা, জেলা মটর মালিক সমিতির সভাপতি আব্দুর রব আকন্দ, শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম ও বিআরটিএ কর্মকর্তা ইফাত হাসেম।
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
www.positivebd24.news