জিন্নাত হোসেন, বিশেষ প্রতিনিধিঃ এক উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম বর্ষের শিক্ষার্থীদের পেশাগত মর্যাদার প্রতীক শিরাভরণ (ক্যাপ), কোমর বন্ধনী ও ব্যাজ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর-২০২৬) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের ঐতিহ্যবাহী শহীদ গুলজার হলে এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী।
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ সারোয়ার মোর্শেদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির অন্যতম সদস্য এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আবু তাহের আবু, জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধক্ষ্য ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের গভর্নিং বডির সদস্য মো. আনোয়ারুল কবির, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কোহিনুর বেগম, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনিস্টিটিউট এর ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুধা রঞ্চন রায়, জিয়া হার্ট ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন পরিচালক আ ফ ম মোস্তফা সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উপাধ্যক্ষ মোস্তফা বেগম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়ার নার্সিং কলেজের সচিব মো. শাহজাহান আলীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। পূরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের ছাত্র মো. মাহাফুজ আলম ও বিএসসি ইন নার্সিং ৪র্থ বর্ষের ছাত্রী সাদিয়া আফরোজ সাবা।
সভায় বক্তারা নার্সিং পেশার মহত্ত্ব, মানবিক মূল্যবোধ এবং আর্তমানবতার সেবায় নিজেদের নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক ক্যাপ ও ব্যাজ পরিধানের মুহূর্তটি, যা তাদের ভবিষ্যৎ মানবসেবার ব্রতে উজ্জীবিত করে। বিদায় সংবর্ধনা ও ব্যাজ প্রদান আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। নাচ, গান ও চমৎকার অভিনয়ে মুখরিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়েই জমকালো এই আয়োজনের সমাপ্তি ঘটে।