মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর): মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চার ট্যাংকলরি শ্রমিককে আটক, এক শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ এবং পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখেন শ্রমিকেরা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডিপোর প্রধান ফটকে অবরোধ ও কর্মবিরতি পালনের পর স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় ধর্মঘট প্রত্যাহার করা হয়। এরপর পুনরায় জ্বালানি তেল সরবরাহ শুরু হয়।
শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, মাদক সংশ্লিষ্টতার অভিযোগে সোমবার (১২ অক্টোবর) চার ট্যাংকলরি শ্রমিক সাগর, আইউব আলী, হাসান আলী ও রবিউল ইসলামকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শ্রমিকদের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে পুলিশ সদস্যের বিরুদ্ধে।
ঘটনার পর শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে পুলিশ কনস্টেবল জয়ন্ত কুমারকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পাশাপাশি আরও পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং আটক শ্রমিকদের মুক্তির দাবিতে ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন।
মঙ্গলবার সকাল থেকে ডিপোর প্রধান ফটক বন্ধ রেখে কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এতে রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম ও লালমনিরহাট—এই আট জেলায় জ্বালানি তেল পরিবহন সাময়িকভাবে ব্যাহত হয়। ডিপো থেকে তেল নিতে আসা ট্যাংকলরিগুলো প্রবেশ করতে না পারায় ডিজেল, পেট্রল ও অকটেন সরবরাহে বিঘ্ন ঘটে।
পরিস্থিতি স্বাভাবিক করতে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এবং পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন। পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতুসহ সংশ্লিষ্ট নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ আলোচনার পর অভিযোগটি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি আরও চার পুলিশ সদস্যকে প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারে সম্মত হন। দুপুর প্রায় ২টার দিকে কর্মসূচি শেষ হলে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ পুনরায় শুরু হয়।
তবে শ্রমিক নেতারা জানিয়েছেন, পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং আটক চার শ্রমিককে মঙ্গলবারের মধ্যে জামিন দেওয়ার বিষয়ে কার্যকর অগ্রগতি না হলে বুধবার থেকে আবারও অবরোধ কর্মসূচি পালন করা হবে।
এদিকে, শ্রমিকদের বিরুদ্ধে আনা মাদক সংশ্লিষ্টতার অভিযোগ, পুলিশ সদস্যের বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ এবং উভয় পক্ষের বক্তব্যের বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। আট জেলার জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর কার্যক্রম যাতে কোনো বিরোধের কারণে দীর্ঘ সময় বন্ধ না থাকে, সে জন্য দ্রুত ও গ্রহণযোগ্য সমাধান জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।