Skip to content
👁 474 Views
ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন , গণমাধ্যম মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সাংবাদিকদের ওয়েজবোর্ড এবং সুনির্দিষ্ট বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার।
তিনি বলেন , ‘যখন এটি নিশ্চিত করতে পারব , তখনই আপনাদের সম্মানজনক স্যালারি (বেতন ) এবং মর্যাদা আমরা নিশ্চিত করতে পারব। ’
১৫ এপ্রিল বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ফটো সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে )-এর মহাসচিব কাদের গণি চৌধুরী , অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে )-এর সভাপতি শহিদুল ইসলাম।
এ ছাড়াও , মতবিনিময় সভায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল ), তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী , ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী , ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে ) সহ –সভাপতি রাশেদুল হক ও যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদারসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন , ‘গণমাধ্যম যদি একটা শিল্প জগৎ হয়ে থাকে , তাহলে এই শিল্পকে অবশ্যই তার নিয়োগ পদ্ধতিটা হতে হবে আইন অনুযায়ী। যিনি ইনভেস্ট করবেন , তার ইনভেস্টমেন্টকে পাহারা দেওয়া বা লাভজনক করার দায়িত্ব যেমন তার , তেমনি সেখানে কর্মীদের অধিকার নিশ্চিত করাও জরুরি। আমরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছাব। ’
ফটো সাংবাদিকতার গুরুত্ব ও প্রযুক্তির চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন , ‘একজন সাংবাদিকের কলম এবং ফটো সাংবাদিকের একটি ক্যামেরাই ছিল পেশাগত দায়িত্ব পালনের উপকরণ। কিন্তু আজকের প্রযুক্তির বিবর্তনে একটি ডিভাইস এখন টেলিভিশন , রেডিও , ক্যামেরা এবং কম্পিউটারের কাজ করছে। এই গতির সঙ্গে তাল মিলিয়ে ফটো সাংবাদিকদের দক্ষ হতে হবে। ‘
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভবন ও প্রশিক্ষণ প্রসঙ্গে তিনি বলেন , ‘পেশাগত দক্ষতা অর্জনের জন্য আপনাদের একটি ইনস্টিটিউট করা জরুরি। এই ভবনটি অবিলম্বে আপনাদের নিয়ন্ত্রণে আনা দরকার। পাশাপাশি একে একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্রে রূপান্তর করা উচিত। যাতে আপনাদের মালিকানা ও আধুনিক পেশাগত দক্ষতা – দুটোই নিশ্চিত হয়। ’
গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন , ‘ফ্যাসিবাদ একটি রোগের মতো। আজ যে গণতন্ত্রী কাল সে ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তাই গণমাধ্যমকে সবসময় সজাগ থাকতে হবে। ’
জহির উদ্দিন স্বপন বলেন , ‘প্রধানমন্ত্রী তারেক রহমান এই রোগের ব্যাপারে অত্যন্ত সজাগ। একারণেই সরকার গঠনের আগেই তিনি এমপি –মন্ত্রীদের বলেছেন – আমরা কোনো গাড়ি নিব না , প্লট নিব না। সূর্যোদয় দেখেই যেমন দিন বোঝা যায় , শুল্কমুক্ত গাড়ি ও প্লট বরাদ্দের জায়গা থেকে বিরত রাখার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন ক্ষমতার ভাইরাস এই সরকারে প্রবেশ করতে পারবে না। ’
বিগত সরকারের সমালোচনা করে মন্ত্রী বলেন , ‘২০০৯ এর রাজনৈতিক বাস্তবতায় যারা নির্বাচিত সরকার দাবি করতেন , ২০২৪ এর ৫ আগস্ট তারা দুপুরের খাবারটাও খেতে পারেননি। ফ্যাসিবাদী তৎপরতার কারণে যারা সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন বা যেসব ফটো সাংবাদিক শহীদ হয়েছেন , তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ’
সভায় ফটো সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ ও অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি –দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
📸 Photo Card Generate
সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
www.positivebd24.news
Post navigation