
নূর মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ প্রতিনিধি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ঘোড়াঘাট উপজেলার আদীবাসী জনগোষ্ঠীর আন্তরিকতায় মুগ্ধ হয়ে বলেছেন,বিএনপি একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। বিএনপি সব সময়ই বৈষম্যহীন সমাজ ব্যবস্থায় বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপির নীতি আমরা সবাই বাংলাদেশী, সবার সমঅধিকার। জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের পথেই এগিয়ে যাচ্ছি।’
২৫ জানুয়ারী রোববার বিকেলে জেলার ঘোড়াঘাট উপজেলার কয়েকটি গ্রামে ও আদীবাসী পল্লীতে নির্বাচনী পথসভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের চলমান সংকট উত্তরণ ও নিরসনে জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন, গণতন্ত্র ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, এজন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, তবেই বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের চাওয়া-পাওয়া সহজে পূরণ করা সম্ভব হবে।
এ সময় ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় অন্যান্যের আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু,দপ্তর সম্পাদক এটিএম মাহফুজুল হক মাফুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন রানুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

