ঢাকা: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ওসির দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি প্রমাণিত হয়েছে। তাঁকে প্রত্যাহার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সরকার এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে। তদন্তে যারাই জড়িত বলে শনাক্ত হবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বিভিন্ন সামগ্রী আলামত হিসেবে সংরক্ষণ করা হচ্ছে।
এদিকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া মালামালভর্তি দুটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে স্থাপনাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করা হয়। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।
এদিকে রাজধানীর জাসদ কার্যালয়ে পুলিশি অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তাঁর দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু সদস্য সেখানে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে এবং ২৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
তিনি বলেন, উদ্ধার করা মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় নাশকতায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকে অযথা হয়রানি করার উদ্দেশ্যে অভিযান চালানো হয়নি।