খোলা ও বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের নির্দেশ দিনাজপুর বেকারী মালিক সমিতি সভা অনুষ্ঠিত

সাহেব, বিশেষ প্রতিনিধিঃ স্বাস্থ্যসম্মত পণ্য বিক্রয় করতে খোলা ও বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী বিক্রি বন্ধের নির্দেশ দিলেন দিনাজপুর বেকারী মালিক সমিতি। গতকাল মঙ্গলবার দিনাজপুরে একটি রেস্টুরেন্টে বেকারী মালিক সমিতির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
দিনাজপুর বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ শামীম শেখ এর সঞ্চালনে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিউল্লাহ খান শুক্লা, সিনিয়র সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী শেখ, সহ-সাধারন সম্পাদক মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
জরুরী সভায় মোঃ সাইফুল্লাহ বলেন, সম্প্রতি লাইসেন্স বিহীন কিছু সংখ্যক বেকারী বস্তায় করে চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী মুদি দোকানসহ গ্রামীন হাট বাজারে যত্রতত্র খোলা আকাশের নিচে বিক্রি করছে। যা স্বাস্থ্য সম্মত নয়। এসব পণ্য স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী সহ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ খেয়ে পেটের পিড়া, পাতলা পায়খানা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এসব খোলা ও বস্তায় করে বাজারজাত করণ অথবা বিক্রি বন্ধ জরুরী হয়ে পড়েছে।
সভায় বস্তায় করে খোলা চানাচুর, বিস্কুটসহ বেকারীর পণ্য সামগ্রী বন্ধ, অবৈধ ও লাইসেন্স বিহীন বেকারী বন্ধ এবং ১০টাকার পাউরুটি ৫০ গ্রাম এবং চানাচুর, বিস্কুটসহ বেকারীর খাদ্য সামগ্রী প্যাকেটজাত করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় এ ব্যাপারে স্বাস্থ্য সম্মত পণ্য বিক্রয় করতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় মোঃ আইয়ুব আলীকে আহবায়ক তথা মনিটরিং সেল গঠন করা হয়।