আইএলএফএসএলের সাবেক পরিচালক নওশেরুলের বিরুদ্ধে দুদকের মামলা
30 Sep 2026
11:25 AM
ঢাকা: দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) সাবেক পরিচালক মো. নওশেরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।
আজ বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে। কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।
এজাহারে বলা হয়, নওশেরুল ইসলামের মোট সম্পদের মূল্য ১৭ কোটি ৪৯ লাখ ৪৫ হাজার ১৫৪ টাকা। বিপরীতে ১৯৯৯-২০০০ থেকে ২০২২-২০২৩ করবর্ষ পর্যন্ত আয়কর নথিতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ১২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার ১৫৪ টাকা। ফলে ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার সম্পদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে অনুসন্ধানে পাওয়া যায়।
এতে আরও বলা হয়, নড়াইলের লোহাগড়ায় ১০৩ দশমিক ৫০ শতাংশ জমিতে অবকাঠামো নির্মাণ ব্যয় ৪০ লাখ ৭৫ হাজার টাকা দেখালেও যাচাইয়ে ব্যয় পাওয়া যায় ৪১ লাখ ৬৬ হাজার ৯৮ টাকা। এছাড়া বনানী ডিওএইচএসের একটি ফ্ল্যাটে নিজের বিনিয়োগ ৩০ লাখ ৯৫ হাজার টাকা দেখালেও প্রকৃত ব্যয় পাওয়া যায় ৩৮ লাখ ৯৫ হাজার টাকা। এভাবে মোট ৮ লাখ ৯১ হাজার ৯৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়েছে।a