দিনাজপুর এনসিসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রস্তুতি ও বিনিয়োগের সহায়তা প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ ৩০ সেপ্টেম্বর বুধবার শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়াস্থ এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার আয়োজনে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আর্থিক ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পণ্য, উদ্যোগ, প্রকল্প সমূহ বিষয় নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখা ব্যবস্থাপক মোঃ নাজির হোসেন। এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার নির্বাহী কর্মকর্তা মোসাভী রেজা শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, আমরা মনে করি একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে তার ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠিত হবে। সমাজে তাকে অবলা নারী হিসেবে কেউ অবহেলা করবে না। প্রশিক্ষণ প্রদানকালে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ নজিবর রহমান বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রস্তুতি ও বিনিয়োগের এবং সহজ শর্তে, কম সুদে উদ্যোক্তাদের সহযোগিতা করবে এনসিসি ব্যাংক। দেশে ১৩২টি এনসি ব্যাংক পিএলসি শাখার মধ্যে ৮০টি শাখায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাকি শাখাগুলোতে পর্যায়ক্রমে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এনসিসি ব্যাংক পিএলসি দ্বারা উদ্যোক্তাদের এই ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করে ইতিমধ্যে অনেক নারী উদ্যোক্তা সাবলম্বি হয়েছে এবং অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তারা এখন অনেক নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। সভাপতির বক্তব্যে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখা ব্যবস্থাপক মোঃ নাজির হোসেন বলেন, একজন উদ্যোক্তার উন্নতির মূল চাবিকাঠি হলো ব্যবসার পুঁজি এবং দক্ষতা। আমরা আপনাদের সহজ শর্তে লোন দিতে চাই। আমরা বিশ্বাস করি সাধারন নারী উদ্যোক্তারা ব্যাংকের লোন পরিশোধ করতে আগ্রহী থাকে কিন্তু তাদের প্রয়োজনীয় ডকুমেন্টের প্রচুর অভাব রয়েছে। তাই ব্যবসায়িক ডকুমেন্টগুলো খুবই প্রয়োজন। তবে মনে রাখবেন ব্যবসায় প্রশিক্ষণ ও দক্ষ ছাড়া ব্যবসার উন্নয়ন সম্ভব নয়। নারী উদ্যোক্তাদের নিয়ে উক্ত প্রশিক্ষণে ব্যবসা ও উদ্যোক্তা বিষয়ক প্রাথমিক ধারণা প্রদান, আর্থিক পরিকল্পনা ও কৌশল এবং বিপণন কৌশল পরিকল্পনা এবং আর্থিক প্রক্ষেপন নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।