মোঃ রোস্তম আলী, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরে জ্বালানি তেল পেট্রোল, অকটেন তীব্র সংকট দেখা দেওয়ার ফলে পাম্পগুলোতে দীর্ঘ লাইন এবং ভোগান্তির সৃষ্টি পর কাহারোল উপজেলার ২ টি পাম্পে মাঝে মাঝে কিছু তেল আসার খবর পেলে দূরদূরান্ত থেকে বাইক চালকদের মধ্যে তেল সংগ্রহের প্রতিযোগিতা শুরু হয়। তারই ধারাবাহিকতায় দীর্ঘ লাইনে বাইকের পেট্রোল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে এনায়েতুল করিম(৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়।
সে পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের সাতোর (সাহাপাড়া) গ্রামের মৃত মোজাম্মেল হক মাস্টারের ছেলে ।
বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) বেলা ১১ টায় কাহারোল হাসপাতাল এলাকায় স্থাপিত আছমা লতিফা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাইকের পেট্রোল সংগ্রহে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করার পর তাকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায় এনায়েতুল করিম একটি কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। তার স্ত্রী ১ ছেলে ১ মেয়ে রয়েছে। সে তার শ্বশুরবাড়ি কাহারোল ইছাইল গ্রামে বেড়াতে এসে বাইকের পেট্রোল সংগ্রহ করতে পাম্পে গিয়েছিলেন।
এ ব্যাপারে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করে জানান, ঐ ব্যক্তি পূর্ব থেকেই উচ্চ রক্তচাপে আক্রান্ত ছিলেন, পাম্পে তেল সংগ্রহ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।