👁 365 Views

নবাবগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে ৫৩তম গ্রীষ্মকালীন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আটটি ইভেন্টে অংশ নেয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নবাবগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক।

প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানারআপ দল এবং কৃতী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিজয়ীদের উচ্ছ্বাসে মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। একই সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ তৈরি হয়। অনুষ্ঠানে ২ নং বিনোদনগর ইউনিয়নের ইউ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ফতেহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো শফিউল আলম ,
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার আটটি ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে সাফল্য অর্জনকারীদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের এ আয়োজন শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *