মোঃ নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন ওই গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে মুকুল হোসেনের সঙ্গে তার বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলে শামসুজ্জামান লাঠি বা শক্ত কোনো বস্তু দিয়ে মুকুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে নেওয়ার প্রস্তুতির মধ্যেই মুকুলের মৃত্যু হয়।
অভিযুক্ত এটিএম শামসুজ্জামান স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।