সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি, ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ টহল জোরদার
26 Nov 2026
04:22 PM
মোঃ বায়েজিদ বোস্তামী, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারত থেকে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে দিন-রাত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, রাতে নজরদারি কার্যক্রম কার্যকর করতে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে সার্চলাইট স্থাপনের কাজ চলছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। ফলে দুর্গম ও অন্ধকার এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি দেখা গেলে দ্রুত তা শনাক্ত করা সম্ভব হচ্ছে।
সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকসহ স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় কোনো নিষিদ্ধ, বিতর্কিত, অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে অবহিত করতে হবে। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি স্পষ্ট করে বলেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। বাংলাদেশের সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে।
দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড ও অনুপ্রবেশ প্রতিরোধে নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।