নিজস্ব প্রতিবেদক, দিনাজপুরঃএকবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে দিনাজপুরে স্কুলভিত্তিক সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
সোমবার (২২ জুন) সকালে দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্লাস্টিক দূষণের পরিবেশগত ও জনস্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন। বক্তব্য দেন সহকারী শিক্ষক সুফিয়া বেগম ও জ্যোতির্ময়ী সরকার এবং শিক্ষার্থী প্রতিনিধি আয়শা সিদ্দিকা ও ঋত্তিকা পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলার নেটওয়ার্ক সদস্য কংকন কর্মকার।
বক্তারা বলেন, অনিয়ন্ত্রিতভাবে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার অভাবে দেশে পরিবেশ দূষণ ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্লাস্টিক বর্জ্যের কারণে নদী, খাল, জলাশয়, কৃষিজমি ও নগর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ার পাশাপাশি জলাবদ্ধতা বৃদ্ধি ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা আরও বলেন, এ সংকট মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প উপকরণের ব্যবহার বাড়াতে হবে এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পাশাপাশি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
ক্যাম্পেইনের শুরুতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে বেলার রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি প্লাস্টিক দূষণের বহুমাত্রিক ক্ষতির পাশাপাশি দিনাজপুর জেলার বিভিন্ন পরিবেশগত সমস্যা নিয়েও আলোচনা করেন।
বক্তারা শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত করেন। তারা প্লাস্টিকের ব্যাগের বদলে কাপড় বা পাটের ব্যাগ, প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাচ বা স্টিলের বোতল এবং প্লাস্টিকের কাপ-প্লেটের পরিবর্তে কাগজ, বাঁশ বা মাটির তৈরি সামগ্রী ব্যবহারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শেষে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন হয়ে প্লাস্টিক দূষণমুক্ত, নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।