👁 418 Views

নবাবগঞ্জে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ পালিত

মোঃ নুর ইসলাম, বিশেষ প্রতিনিধি : “শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আয়োজন করে কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের লাইট প্রকল্প।

বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের নবীনগঞ্জ হাইস্কুল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং কারিতাস বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবীনগঞ্জ হাইস্কুলের প্রধান শিক্ষক মো. এস এম দবিরুল ইসলাম। বক্তব্য দেন রহিমপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আতিয়ার রহমান, রঘুনাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. শাহিনুর আলম, নবীনগঞ্জ হাইস্কুলের সরকারি শিক্ষক মো. নূর ইসলাম এবং মো. আবুল কালাম আজাদ।

বক্তারা বলেন, শিশু শ্রম একটি সামাজিক ব্যাধি। শিশুদের শ্রমে নয়, শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। কোনো শিশুই যেন অর্থনৈতিক বা সামাজিক কারণে বিদ্যালয়ের বাইরে না থাকে, সে বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

তারা আরও বলেন, শিশু শ্রম শিশুদের স্বাভাবিক শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বাধা সৃষ্টি করে। টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এবং মানবিক সমাজ গঠনের জন্য শিশু শ্রম সম্পূর্ণভাবে নির্মূল করা জরুরি। এ লক্ষ্যে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় কারিতাস বাংলাদেশের লাইট প্রকল্পের ফিল্ড অফিসার বাবলু মুরমু বলেন, প্রত্যেক শিশুর নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা ও সুরক্ষিত পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। শিশু শ্রম শুধু একটি শিশুর বর্তমান নয়, তার ভবিষ্যৎ সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করে। তাই শিশু শ্রম প্রতিরোধে পরিবার, বিদ্যালয়, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল সচেতন মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, কারিতাস বাংলাদেশের লাইট প্রকল্প শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং কারিতাস বাংলাদেশের লাইট প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা শিশু শ্রমমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেষে শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *