👁 90 Views

বিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ বায়েজিদ বোস্তামী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে অজ্ঞাত একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রেজাউল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চায়না অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম পাশের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নন্দীগ্রাম গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে। তিনি পেশায় ধান ও পাট ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে মোটরসাইকেলে করে পাট কেনার জন্য দিনাজপুরের আমডুঙ্গির হাটে যাচ্ছিলেন রেজাউল ইসলাম। পথে চায়না অফিস মোড়ে পৌঁছালে একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আরও একজন আহত হন।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) এম এ হান্নান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *