দিনাজপুরে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের আয়োজনে এবং দিনাজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদের সহযোগিতায় ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে ব্রাত্যজনের কথাকার, রাষ্ট্রী পুরস্কার ২১ পদকপ্রাপ্ত শওকত আলী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উত্তরতরঙ্গ সাহিত্য পরিষদ এর সভাপতি কামরুজ্জামান গোপন। কথা সাহিত্যিক শওকত আলী রচিত বিভিন্ন লেখার উপর আলোচনা করেন মুখ্য আলোচক কবি ও কথা সাহিত্যিক আযাদ কালাম। আলোচনা করেন কবি ও গল্পকার ফরিদুল আজাদ মিলন, কবি ও প্রাবন্ধিক মাসুদ মুস্তাফিজ, কথা সাহিত্যিক এমরান কবির। শওকত আলী রচিত গ্রন্থ ও ব্যক্তিগত জীবন থেকে পাঠ করেন কথা সাহিত্যিক শওকত আলী’র নাতি খুশ নাসিব-বিন-ফয়সাল, কবি নিরঞ্জন হীরা, রাজিয়া সুলতানা পপি, আলোমগীর কবির আহসান, প্রসান্ত বসাক ও লায়লা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ-ই-মবিন- জিন্নাহ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কবি কমল কুজুর ও মুনিরা লুবনা। ধন্যবাদ জ্ঞাপন করেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহকারী পরিচালক মোঃ এনামুল হক। প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, আমাদের সাহিত্য-সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে কবি-সাহিত্যিকদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। আলোচকরা তাদের আলোচনায় বলেন, বাংলাদেশের কথা সাহিত্যিক শওকত আলী তার রচনায় গ্রাম ও নগরবাসীর লড়াই-সংগ্রামের কথা তুলে ধরেছেন। বিগত ৪ দশক জুড়ে স্বদেশের অতীত, সমকাল নগর ও গ্রাম এবং মানব অস্তিত্বের সমগ্রতাকে সাহিত্যের ভাষ্যে ধারন করার দূরূহ কাজ করে গেছেন। তিনি দিনাজপুরের আঞ্চলিক ভাষা সারাবিশ্বে তুলে ধরেছেন তাঁর রচনায়। তাঁর লেখায় মানুষ প্রকৃতি ও সময় মেশামেশি হয়ে থাকে।