এনসিসি ব্যাংকের উদ্যোগে পাঁচশত প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি
21 Nov 2026
09:34 AM
কাশী কুমার দাস, বিশেষ প্রতিনিধিঃ দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে এনসিসি ব্যাংক প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি সামগ্রী বিতরণের যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ বলে আমি মনে করি। কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকরাই হচ্ছে আমাদের প্রাণ। তাদের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার তার নির্বাচনী অঙ্গীকারের বাস্তবায়ন করতে ইতিমধ্যে কৃষকদের কৃষক কার্ড প্রদান করা হচ্ছে।
শুক্রবার সকালে দিনাজপুর একাডেমি স্কুলে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার সার্বিক আয়োজনে এনসিসি ব্যাংক পিএলসি সিএসআর কার্যক্রমের আওতায় কৃষি উপকরণ বিতরণ করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এনসিসি ব্যাংক পিএলসি’র এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ জাকির আনাম সভাপতির বক্তব্যে বলেন, দিনাজপুরের সন্তান হিসেবে সবসময় এ অঞ্চলের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি। আগামীতে দিনাজপুরের কবরস্থানগুলোতে সোলার লাইট স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। সম্মানীত অতিথি হিসেবে দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল বলেন, এনসিসি ব্যাংকের মত কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কৃষকদের কথা ভাবছে এটি অত্যন্ত ইতিবাচক দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদরের অতিরিক্ত কৃষিক কর্মকর্তা সুরভী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কেরামত আলী, এনসিসি ব্যাংক পিএলসি রাজশাহী শাখার এসএডিপিও ব্যবস্থাপক মোঃ কামাল হোসেন এবং দিনাজপুর শাখার এডিপিও ব্যবস্থাপক মোঃ কাওসার হাবীব। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার ম্যানেজার অপারেশন মোঃ নবিবর রহমান। কৃষকদের পক্ষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কৃষক মোঃ নূর আলম ও কৃষানী রুপালী রায়।