👁 418 Views

বাংলাদেশের জনগণের সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সারিতে জায়গা পেলেন সিনিয়রগন

মোরশেদ মানিক  :

যাত্রা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ।   ১২ মার্চ বেলা ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

সংসদে স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে নির্বাচিত করার পরে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সংসদ নেতার পাশের আসনে বসেছেন দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরে বসেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরের আসনগুলোর মধ্যে পর্যায়ক্রমে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

প্রথম সারির মাঝের আসনে বসেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং জয়নাল আবদিন।

সংসদ নেতার ঠিক পেছনে দ্বিতীয় সারিতে বসেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তার পাশে বসেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

এরপরে পর্যায়ক্রমে বসেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুস সালাম, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবর রহমান সরওয়ার, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শাহজাহান চৌধুরী, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়কমন্ত্রী শেখ রবিউল আলম, এ কে এম ফজলুল হক মিলন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবর ও হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।’

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদের স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ‘আজ থেকে স্পিকার আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিক মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। দেশ ও জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই।’

তিনি আরো বলেন, ‘গত দেড় দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। জনগণকে দুর্বল জনগোষ্ঠীতে পরিণত করা হয়েছিল এবং সংসদকে মানুষের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিগত দেড় দশকে যারা নিজেদের এমপি পরিচয় দিতেন, তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না। কিন্তু আজকের সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ। এটি বাংলাদেশের জনগণের সংসদ।’

তারেক রহমান বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং সুনির্দিষ্ট যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করে তুলতে চাই আমরা। এক্ষেত্রে স্পিকারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, জাতীয় সংসদের সদস্য হিসেবে সংসদ পরিচালনায় আমরা স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো।

বক্তব্যের শেষ দিকে স্পিকারকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য সংসদ সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *