ইজিবাইক চালক নবীরুল হত্যায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকাল ১১টা থেকে ১২টা পযন্ত দিনাজপুরের বিরামপুর থানার দুর্গাপুর বড় বটগাছ সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাস্তার ২পাশে মানববন্ধন চলাকালে ব্যাপক জনসমাবেশ হওয়ায় মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনার খবর পেয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বিক্ষোভ কারীদের সঙ্গে কথা বলে আইনগত প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা কর্মসূচী প্রত্যাহার করে। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কর্মসূচী চলাকালে পলিপ্রয়াগপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক , নিহতের ছোটভাই সাখাওয়াত হোসেন ও জামাই আরিফুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে দুর্গাপুর গ্রামের নারী-পুরুষ,যুবক,প্রবীণ,মা-বোনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেন মানববন্ধনে ।
বিরামপুর থানার ওসি তদন্ত আতাউর রহমান জানিয়েছেন,ফুলবাড়ী থানায় দায়েরকৃত ইজি বাইক চালক হত্যা মামলায় দুইজন আসামি গ্রেফতার হয়েছে। একজনের ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করা হয়েছে, অপর আরেকজনের ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণের চেষ্টা প্রক্রিয়াধীন রয়েছে। সেই সাথে অজ্ঞাতনামা আসামীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। বর্তমানে মামলাটি সঠিক সাবলীল ও ন্যায় বিচারের লক্ষ্যে তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ১৮ জুলাই রাতে ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষীপুর এলাকায় ইজিবাইক ছিনতাইয়ের সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নবীরুল ইসলাম। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুলাই সকালে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের চাচা মো. নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় হত্যা ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত আসামিসহ দুই জন কে ও ছিনতাইকৃত ইজিবাইক আটক করেছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।