👁 357 Views

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলো ৩ লাখ টাকার বৃত্তি : ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ এবং ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’-এর

মাশরাফী মওলা ফাহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : 

ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং বিভাগ এবং অর্থনীতি বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে প্রায় ৩ লাখ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ এবং ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’-এর আওতায় তাদের এই বৃত্তি প্রদান করা হয়।

১৯এপ্রিল রোববার উপাচার্যের সভাকক্ষে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহম্মদ, দাতা সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমা বেগম, বিনয় কৃষ্ণ বালা, পরেশ চন্দ্র রায়, মো. কামাল উদ্দিন, এ কে এম জসীম উদ্দিন ও সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

‘একাউন্টিং ১৯৭৯ ব্যাচ ট্রাস্ট ফান্ড’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ১৯৭৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই ফান্ডের আওতায় প্রতিবছর একাউন্টিং বিভাগের বিবিএ (সম্মান) শ্রেণিতে অধ্যয়নরত ১ম বর্ষের ৪ জন, ২য় বর্ষের ২ জন এবং ৩য় বর্ষের ২ জনসহ মোট ৮ জন মেধাবী শিক্ষার্থীকে এককালীন ২৪,০০০ (চব্বিশ হাজার) টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

অন্যদিকে, অধ্যাপক ড. নাজমা বেগম কর্তৃক প্রতিষ্ঠিত ‘অধ্যাপক নাজমা বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে অর্থনীতি বিভাগের ১মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এই ট্রাস্ট ফান্ডের আওতায় প্রতিবছর অর্থনীতি বিভাগের বিএসএস (সম্মান) ১ম বর্ষের ২ জন, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের ১ জন করে এবং এমএসএস শ্রেণির ১ জনসহ মোট ৬ জন শিক্ষার্থীকে সমপরিমাণ বৃত্তি প্রদান করা হয়। প্রতিটি বৃত্তির পরিমাণ ১৮,৩২৮ (আঠার হাজার তিনশত আটাশ) টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দাতা সদস্যদের এ মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদেরকে এ বৃত্তি যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশে মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি বলেন, এই ট্রাস্ট ফান্ডগুলো শুধু বৃত্তি প্রদানের একটি উদ্যোগ নয়; এটি বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে ইতিবাচক সম্পর্ক ও মূল্যবোধ গড়ে তোলার একটি কার্যকর মাধ্যম। তিনি বলেন, সমাজের সঙ্গে টেকসই সম্পর্ক গড়ে উঠলে শিক্ষা ও মানবিক উন্নয়নে তার প্রতিফলন ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *