👁 619 Views

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা: জাহিদ হোসেন ও সহধর্মিণী ডা. শরীফার ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় : ঢাকায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে

মোরশেদ মানিক  :

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন ও তার সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা;  সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। রোববার (৩১ মে) রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন এনডিসি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট শিশু পরিবার ও প্রতিষ্ঠানের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করে। এসময় মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এসময় মন্ত্রী দম্পতি  শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের ঈদের অভিজ্ঞতার কথা শোনেন এবং ব্যক্তিগতভাবে সব শিশুদের নিজ হাতে আপ্যায়ন করেন। পাশাপাশি শিশুদের জন্য মৌসুমি ফলসহ বিশেষ খাবারের আয়োজন করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানান, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশু মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তার আন্তরিক স্নেহ-আপ্যায়নে আনন্দ প্রকাশ করে।

এ সময় মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের নৈতিক দায়িত্ব। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

প্রসংগত : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. ডা. জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য । তিনি এলাকায় ডা. এজেডএম জাহিদ হোসেন নামে অধিক পরিচিত। দিনাজপুর জেলার ( বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট ) ৪ উপজেলা নিয়ে দিনাজপুর-৬ আসন গঠিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *