👁 487 Views

বাগেরহাটে মাছের ঘেরে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবল জান্নাতী ও লামিয়া

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে জান্নাতী (১১) ও লামিয়া (৮) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতী মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে। পরিবার ও স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির পাশের একটি মাছের ঘেরে শাপলা তুলতে যায় জান্নাতী ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘেরে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করেন।

পরে তাদের দ্রুত চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, সকালে দারিয়ালা গ্রামের বাড়ির পাশের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে জান্নাতী ও লামিয়া পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *