👁 197 Views

খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

পঞ্চগড় সংবাদদাতা : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে দেশের হারিয়ে যাওয়া জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে কাজ করছে সরকার। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাদ্য উৎপাদন বৃদ্ধিসহ নানা ধরনের সুফল মিলবে।

২৪ মার্চ মঙ্গলবার জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রামাণিকপাড়া এলাকায় ঝিনাইকুড়ি খাল খনন উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরের সাহাপাড়ায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঠাকুরগাঁয়ে কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ ঝিনাইকুড়ি খালের খনন কাজের উদ্বোধন করা হলো।

তিনি আরও বলেন, এই খাল খননের ফলে এই এলাকায় জলাবদ্ধতা দূর হবে, সারা বছর পানির প্রবাহ বজায় থাকবে এবং মাছ চাষের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি খালের দুই পাড়ে হাঁটার পথ নির্মাণ ও বৃক্ষরোপণের মাধ্যমে জীব বৈচিত্র্য পুনরুদ্ধার করা হবে।

প্রতিমন্ত্রী নিজ হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন।

এ সময় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার রবিউল ইসলাম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আশুতোষ চন্দ্র বর্মন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *